
কুষ্টিয়া শহরের ঘনবসতিপূর্ন আবাসিক এলাকা আড়ুয়াপাড়া ভোলানাথ পাল লেনে দীর্ঘ দীর্ঘ ১৪/১৫ বছর ধরে চলছে জর্দা ফ্যাক্টরি। এলাকাবাসীদের অভিযোগের পরেও মেলেনি কোন সমাধান। বারং বার এই ফ্যাক্টরির লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ গুলোকে অভিযোগ দেওয়ার পরেও কোন সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মালিক রমেশ নাথ চ্যাটার্জি অদৃশ্য ক্ষমতার বলে ঠাকুর জর্দা ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভা ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ে একাধিকবার অভিযোগ করলেও যথাযথ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি । এলাকাবাসীর অনেকেই অভিযোগ করে বলেন, হয়তোবা রমেশ নাথ চ্যাটার্জির সাথে পরিবেশ অধিদপ্তরের কর্তা বাবুদের ভালো সম্পর্ক থাকার করনেই আজ অবধি পরিবেশ অধিদপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করে নাই ।
কুষ্টিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সওদাগর জানান, আবাসিক এলাকায় জর্দা ফ্যাক্টরি চলে না, বাণিজ্যিক এলাকা হলে হয়। ফ্যাক্টরি হলে হবে বাইরে, ওখানে জর্দা ফ্যাক্টরি হওয়ার প্রশ্নই আসে না। এলাকাবাসী নতুন করে পৌরসভায় অভিযোগ দিলে আমার যতটুকু সহযোগিতা করার করব। “আমি চাইনা আমার জনগণ কোনভাবে ক্ষতিগ্রস্থ হোক” জনগণের যদি সমস্যা হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খান বলেন, স্থানীয় পরিবেশ অধিদপ্তর বিষয়টি অবগত কিনা। যদি অবগত থাকে তাহলে আগামীকাল আমি ডিডি কুষ্টিয়ার সাথে কথা বলে আপনাকে জানাবো এবং স্থানীয় কার্যালয়কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলব।