সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ

দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২১ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
১৬৪ বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়ার জগতি রেলস্টেশন আজ চরম অবহেলা ও বেহাল দশার শিকার। ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশে রেলযুগের সূচনা হয়েছিল। দেশের রেল যোগাযোগের এ স্থাপনা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করলেও, আজ তা সংস্কারের অভাবে ধ্বংসের মুখে। জরাজীর্ণ ভবন, বন্ধ টিকিট কাউন্টার এবং জনবল সংকটের কারণে নামমাত্র চালু থাকা এই স্টেশনটি জাতীয় রেল দিবসেও উপেক্ষিত থেকেছে, যা ক্ষুব্ধ করেছে স্থানীয় ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষকে।
১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হলেও দেশের রেল যোগাযোগের ইতিহাসের সূতিকাগার এই জগতি রেলস্টেশনে নেই দিবসটি উদযাপনের কোনো আয়োজন। যে স্টেশনকে ঘিরে বাংলাদেশের রেলযাত্রার ইতিহাস, সেই স্টেশনেই দিবসটি যেন নীরবেই পার হয়েছে। সার্বিক পরিস্থিতি ও কেন দিবসটি পালন করা হলো না এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে কর্তৃপক্ষ এড়িয়ে যান।


দিবসটি উদযাপনের বিষয়ে জানতে চাইলে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা-২ (এটিও) জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। বিস্তারিত জানতে ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
সরেজমিনে কুষ্টিয়ার জগতি রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের ঐতিহাসিক দ্বিতল ভবনের দেয়ালে বড়বড় ফাটল। ছাদের বিভিন্ন অংশের কংক্রিট খসে পড়ছে। ছাদ ও দেয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইট। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো স্থাপনাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের দ্বিতীয় তলার ছাদের বিম ও পলেস্তারা ভেঙে পড়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুধু মূল ভবন নয়, স্টেশনের অন্যান্য স্থাপনাও রয়েছে বেহাল। যাত্রীদের ব্যবহারের অপেক্ষা কক্ষটি ভেঙে পড়েছে। প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। একসময় বাষ্পচালিত ইঞ্জিনে পানি সরবরাহের কাজে ব্যবহৃত ঐতিহাসিক পানির ট্যাংকটিও এখন ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। পুরোনো অফিসকক্ষগুলোর বেশির ভাগই তালাবদ্ধ ও পরিত্যক্ত। কোথাও ইতিহাসের স্মৃতি, কোথাও অবহেলার চিহ্ন।
বর্তমানে জগতি রেলস্টেশনের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ। টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্টেশন থেকে টিকিট সংগ্রহের সুযোগ নেই। স্টেশন মাস্টারের কক্ষেও নেই নিয়মিত কার্যক্রম। যাত্রীদের ওঠানামার সময় ট্রেন থামলেও সার্বিক স্টেশন ব্যবস্থাপনা বলতে কার্যত কিছুই নেই। বর্তমানে মাত্র দুজন গেটম্যান আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন দায়িত্ব পালন করছেন। কাগজে-কলমে স্টেশনে স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল থাকার কথা থাকলেও বাস্তবে সেই জনবল নেই। দুই স্টেশন মাস্টারের মধ্যে একজন মিজানুর রহমান বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছেন। অন্যজনও এখানে দায়িত্ব পালন করছেন না।
স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, জগতি স্টেশনের অবস্থা খুবই জরাজীর্ণ। ভবনগুলো অনেক পুরোনো। কাগজে-কলমে এখানে অনেক স্টাফ থাকার কথা। কিন্তু আমি বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছি। জগতি স্টেশনের দায়িত্ব এখনো কাউকে দেওয়া সম্ভব হয়নি। স্টেশনের গেটম্যান সাজ্জাদ হোসেন বলেন, যাত্রী ওঠানামার সময়টুকু ছাড়া স্টেশনটি কার্যত বন্ধ থাকে। বর্তমানে এখানে দিনে ছয়বার ট্রেন থামে। কিন্তু স্টেশনের স্বাভাবিক কার্যক্রম নেই। একসময় ২৬ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করতেন এই স্টেশনে। সময়ের ব্যবধানে সেই জনবল কমতে কমতে এখন হাতেগোনা কয়েকজনে এসে ঠেকেছে। পর্যাপ্ত কর্মী ও যাত্রীসেবার অভাবে ঐতিহাসিক স্টেশনটির গুরুত্বও ক্রমেই কমে যাচ্ছে।


বর্তমানে জগতি স্টেশনে কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন যাত্রাবিরতি দেয়। গোয়ালন্দ কমিউটার-২, গোয়ালন্দ কমিউটার-৩, গোয়ালন্দ কমিউটার-৪ এবং নকশিকাঁথাসহ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন এখানে থামে না। ফলে দেশের প্রথম রেলস্টেশন হয়েও আন্তঃনগর ট্রেনের যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ। ঐতিহাসিক গুরুত্বের তুলনায় স্টেশনটির বর্তমান রেলসেবা অত্যন্ত সীমিত। স্থানীয়দের কাছে জগতি রেলস্টেশন কেবল একটি যাতায়াতের জায়গা নয়, এটি স্মৃতি ও আবেগের অংশ। একসময় এই স্টেশনকে কেন্দ্র করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, আনন্দ-বিনোদন ও যোগাযোগের নানা স্মৃতি তৈরি হয়েছিল।


ঐতিহাসিক তথ্যানুযায়ী, ব্রিটিশ শাসনামলে তৎকালীন পূর্ববঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৮৫৩ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরুর প্রায় এক দশক পর ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালু হয়। এর মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রেল যোগাযোগের সূচনা ঘটে। একসময় ব্যবসা-বাণিজ্য ও যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল জগতি রেলস্টেশন। অথচ সময়ের সঙ্গে দেশের রেল যোগাযোগ আধুনিক হলেও প্রথম এই স্টেশনটি পড়ে রয়েছে অবহেলা আর অযত্নে।
স্থানীয়দের দাবি, দায়সারা সংস্কার নয়, মূল স্থাপত্য ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ, টিকিট কাউন্টার ও যাত্রীসেবা চালু এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে। স্থানীয় বাসিন্দা খোকন স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন কলেজে পড়তাম, তখন সন্ধ্যার দিকে যে লোকাল ট্রেনটি আসত, সেটিতে করে ১০-১২ জন বন্ধু মিলে দর্শনায় বেড়াতে যেতাম। ট্রেনটি ঘুরে আবার ফিরে আসত। আমরাও দর্শনা ঘুরে সেই ট্রেনেই জগতি স্টেশনে ফিরে আসতাম। এখন সেই দিনগুলো শুধু স্মৃতি। স্থানীয় বাসিন্দা রাব্বি বলেন, দেশের প্রথম রেলস্টেশনটির এমন বেহাল অবস্থা সত্যিই দুঃখজনক। আমরা চাই, আধুনিক পরিকল্পনার মাধ্যমে স্টেশনটির উন্নয়ন করা হোক। দেশের প্রথম রেলস্টেশন হিসেবে এর ঐতিহ্য ধরে রাখতে যা যা প্রয়োজন, সবকিছু করা হোক। আরেক স্থানীয় বাসিন্দা তপু বলেন, স্টেশনের ভবনগুলো ভেঙে পড়ছে। দ্বিতীয় তলার ছাদের বিম ও পলেস্তারা নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।
সচেতন নাগরিক সমাজের মজিবুল শেখ বলেন, ১৬৪ বছর আগে যে স্টেশন থেকে বাংলাদেশের রেলযাত্রার ইতিহাস শুরু হয়েছিল, সেই স্টেশনই আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। জাতীয় রেল দিবসে জগতির এই বেহাল দশা যেন ইতিহাসের প্রতি আমাদের অবহেলারই এক জীবন্ত দলিল।
পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, বিষয়টি বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারব। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, আজ জাতীয় রেল দিবস। জগতি রেলস্টেশন শুধু কুষ্টিয়ার নয়, এটি দেশের রেল যোগাযোগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। প্রায় তিন সপ্তাহ আগে রেলওয়ের সচিব স্টেশনটি পরিদর্শনে এসেছিলেন। স্টেশনটির উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে প্রতিবছর ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস উদযাপন করে আসছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমবার দিবসটি পালন করা হয়েছিল রেলওয়ের ১৫৮ বছর পূর্তি উপলক্ষে। ওই বছর রাজধানীর রেল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

/কে এম শাহীন রেজা/

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580